সামরিক বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ ও সরকারি দায়িত্ব পালনের প্রয়োজনে সাশ্রয়ী আন্তর্জাতিক ভ্রমণ নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী ও ইথিওপিয়ান এয়ারলাইন্সের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) সেনা সদর দফতরে দুই পক্ষের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে লে. কর্নেল মোজাম্মেল এবং ইথিওপিয়ান এয়ারলাইন্সের পক্ষে বাংলাদেশে নিযুক্ত কান্ট্রি ম্যানেজার দেসালেগন মোল্লা চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশে ইথিওপিয়ান এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্ট রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তুলনামূলকভাবে কম ভাড়ায় ইথিওপিয়ান এয়ারলাইন্সের মাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে ভ্রমণের সুবিধা পাবেন। বিশেষ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আওতাবহির্ভূত রুটে প্রশিক্ষণ, মিশন ও অন্যান্য সরকারি কাজে ইথিওপিয়ান এয়ারলাইন্সের সেবা গ্রহণ করতে পারবেন সেনা সদস্যরা।
সংশ্লিষ্টরা জানান, এই সমঝোতার ফলে একদিকে যেমন ভ্রমণ ব্যয় কমবে, তেমনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি এয়ারলাইন্সের সেবা গ্রহণের সুযোগ বাড়বে। বিদেশে দায়িত্ব পালন ও মিশন মোতায়েনের ক্ষেত্রে সেনাবাহিনীর গতিশীলতা ও কার্যকারিতা আরও বৃদ্ধি পাবে বলেও আশা করা হচ্ছে।
