ভারী বর্ষণ ও ফারাক্কার বিরূপ প্রভাবে ভারতের উজান থেকে নেমে আসা পানির কারণে গত জুলাই থেকে পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে আগস্টের প্রথম সপ্তাহ থেকে পানি বাড়ছে অস্বাভাবিক হারে, যা আতঙ্ক তৈরি করেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মাপারের মানুষের মধ্যে। বিশেষ করে রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের প্রায় অর্ধলাখ বাসিন্দা এখন পানিবন্দি।
ইতোমধ্যেই পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা প্লাবিত হয়েছে। বন্যার আশঙ্কায় নদীসংলগ্ন চার ইউনিয়নের মানুষ চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন। নিম্নাঞ্চলে বসবাসরত মানিকের চরসহ বেশ কিছু গ্রামের বাড়িঘরে পানি প্রবেশ করায় অনেক পরিবার অসহায় অবস্থায় পড়েছে। বন্যায় মরিচ, পাট ও ধানের ফসল তলিয়ে গেছে।
পাবনা পানি উন্নয়ন বোর্ডের ওয়াটার হাইড্রোলজি বিভাগের তথ্য অনুযায়ী, হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানির উচ্চতা মঙ্গলবার দুপুরে ছিল ১২.৮০ সেন্টিমিটার, যা বিপদসীমার মাত্র এক মিটার নিচে।
চিলমারী ইউনিয়নের চেয়ারম্যান জানিয়েছেন, প্রতিদিন অস্বাভাবিক হারে পানি বাড়ছে, নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে, এবং কয়েকটি প্রাথমিক বিদ্যালয়েও পানি ঢুকে যাওয়ায় পাঠদান বন্ধ হয়ে গেছে। রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, তার ইউনিয়নের নদীর ওপারের প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
দৌলতপুর প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, দুই ইউনিয়নের অন্তত ১৩টি প্রাথমিক বিদ্যালয়ে পানি প্রবেশ করায় শিক্ষা কার্যক্রম বন্ধ করা হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
