আসন দিয়ে আমাদের কেনা যাবে না: হাসনাত আব্দুল্লাহ

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, সংসদীয় আসন ভাগাভাগির প্রলোভনে তাদের কেনা যাবে না। রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে ‘জুলাই সনদ বাস্তবায়ন ও গণপরিষদ নির্বাচন’ শীর্ষক আলোচনায় তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের কারণগুলো সমাধান না করে একই ধাঁচে সরকার গঠন করলে তা কঠোর গণপ্রতিরোধের মুখে পড়বে।

তিনি অভিযোগ করেন, বাহাত্তরের সংবিধান ব্যবহার করে পূর্বের সব অপরাধকে বৈধতা দেওয়া হয়েছে, অথচ অভ্যুত্থানের পর সামরিক বাহিনী, প্রশাসন ও গণমাধ্যমে প্রয়োজনীয় সংস্কার আনা হয়নি। দুর্নীতির প্রসঙ্গে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, যদি কেউ প্রমাণ করতে পারে যে এনসিপির নেতৃত্ব দুর্নীতিতে জড়িত, তাহলে তিনি স্বেচ্ছায় রাজনীতি থেকে সরে দাঁড়াবেন।

নির্বাচনের সময়সূচি নিয়ে হাসনাতের অবস্থান স্পষ্ট—নভেম্বর বা ডিসেম্বর যেকোনো সময় নির্বাচন হলেও আপত্তি নেই, তবে বিদ্যমান ‘রুলস অব দ্য গেম’ বাতিল করে গণপরিষদ নির্বাচন আয়োজন করতে হবে।

জাতীয় নির্বাচনে আসন ভাগাভাগি প্রসঙ্গে তিনি বলেন,

আমাদের আসন দিয়ে কিনতে পারবেন না। আসনের জন্য বিক্রি হতে আসিনি। চরিত্র হননের চেষ্টা ব্যর্থ হয়েছে। এবার নির্বাচনের মূল নিয়ন্ত্রণ জনগণের হাতে, প্রশাসন বা পুলিশের হাতে নয়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *