সুন্দরবনের বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী জলপথ থেকে ছয় বাংলাদেশি জেলেকে অস্ত্রধারী ভারতীয় জলদস্যুরা অপহরণ করেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মামুন্দো নদীর মারডাঙ্গা খাল ও হরিণটানা খাল সংলগ্ন এলাকায় এই অপহরণ ঘটে। অপহৃতদের মধ্যে রাশিদুল ইসলাম ও আতাউর রহমান সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাসিন্দা। বাকি চারজনের নাম এখনও জানা যায়নি।
অপহরণকৃতদের পরিবার ও স্থানীয়রা জানান, নয় সদস্যের জলদস্যু দলটি চারটি আগ্নেয়াস্ত্র ও একটি ভারতীয় নৌযান নিয়ে অপহরণ চালায়। সকাল থেকে মাছ ধরার কাজে নিয়োজিত জেলেদের ওপর হামলা চালিয়ে প্রথমে দুইজনকে, পরে আরও চারজনকে তুলে নিয়ে যায়। জলদস্যুরা নিজেদের “ভারতের কাজল-মুন্না বাহিনী” বলে পরিচয় দেয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও গ্রামবাসীরা যৌথভাবে উদ্ধার অভিযানে নামলেও বিজিবির মধ্যস্থতায় তা স্থগিত হয়। শ্যামনগর থানার ওসি জানান, একই বাহিনীর তিন সহযোগীকে দুই সপ্তাহ আগে যশোর থেকে গ্রেফতার করা হয়েছিল। অপহৃতদের মুক্তিপণের বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট অংক দাবি করা হয়নি।
জিম্মিদশা থেকে ফিরে আসা কয়েকজন জেলে নিশ্চিত করেছেন, অপহরণকারীরা ভারতীয় এবং তাদের সহযোগীরা সম্প্রতি মুক্তিপণের টাকা ভারতে পাঠানোর কথা পুলিশের কাছে স্বীকার করেছে। স্থানীয়রা এখন সীমান্তবর্তী নদীপথে চলাচলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
