সাভারে মুদি দোকানিকে হত্যা, মুখমণ্ডল পুড়িয়ে পরিচয় গোপনের চেষ্টা

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

1 Min Read

ঢাকার সাভারে কালাম মিয়া (৩৮) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার পরিচয় গোপন করতে মুখমণ্ডল আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (১৫ মার্চ) সকালে সাভার পৌরসভার মজিদপুর এলাকার একটি নির্জন মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত কালাম মিয়া ফরিদপুরের বোয়ালমারী থানার ডহরনগর গ্রামের সাইদ মিয়ার ছেলে। তিনি সাভারের মজিদপুর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন এবং স্থানীয় ল্যাবজোন হাসপাতালের গলিতে একটি মুদি দোকান পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৪ মার্চ) রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা দেন কালাম মিয়া। তবে অনেক রাত হলেও তিনি বাসায় না ফেরায় স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন।

পরে রোববার ভোরে স্থানীয়রা মজিদপুর এলাকার একটি মাঠে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *