গাজীপুরের ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের একেবারে পাশে তিতাস গ্যাসের ভূগর্ভস্থ পাইপলাইন থেকে দীর্ঘদিন ধরে গ্যাস লিকেজ হয়ে টানা আগুন জ্বলছে। কালিয়াকৈর উপজেলার সফিপুর পল্লীবিদ্যুৎসহ আশপাশের এলাকায় এই আগুনে চরম ঝুঁকির মধ্যে রয়েছে পথচারী ও শিল্পকারখানার হাজারো শ্রমিক।
জানা গেছে, কালিয়াকৈর তিতাস গ্যাসের আঞ্চলিক কার্যালয়ের পাশেই প্রায় দুই মাস ধরে ভূগর্ভস্থ লাইনের ফাটল থেকে বের হওয়া গ্যাসে দাউদাউ করে আগুন জ্বলছে। ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের প্রায় ৩০০ ফুট এলাকাজুড়ে গ্যাস লিকেজ ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
ব্যস্ত এই মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজারো যানবাহন চলাচলের পাশাপাশি শিল্পকারখানার শ্রমিকদের যাতায়াত রয়েছে। এমন পরিস্থিতিতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দা, শ্রমিক ও শিল্পপ্রতিষ্ঠানের মালিকরা।
এলাকাবাসীর অভিযোগ, গ্যাস লিকেজের বিষয়টি একাধিকবার তিতাস গ্যাস কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। শুক্রবার (৯ জানুয়ারি) আগুন জ্বলতে থাকার খবর পেয়ে তিতাস কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করলেও দুর্ঘটনার নির্দিষ্ট কারণ সম্পর্কে স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি সংশ্লিষ্টরা।
এ বিষয়ে তিতাসের চন্দ্রা জোনাল অফিসের ব্যবস্থাপক আল মামুন বলেন,
গত দুই বছরে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে ২৫টির বেশি গ্যাস লিকেজ মেরামত করা হয়েছে। স্থায়ী সমাধানের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।
এদিকে এলাকাবাসী দ্রুত গ্যাস লিকেজ বন্ধ করে জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
