মানিকগঞ্জে মর্মান্তিক ঘটনা: দুই সন্তানের সঙ্গে প্রবাসী স্ত্রীর মরদেহ উদ্ধার

আবিদা সুলতানা, ডেস্ক রিপোর্ট

1 Min Read

মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকায় ঘটে গেছে হৃদয়বিদারক এক ঘটনা। স্থানীয় একটি ভাড়া বাসা থেকে দুই শিশু সন্তানসহ এক প্রবাসী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহতরা হলেন— মালয়েশিয়া প্রবাসী শাহীন মিয়ার স্ত্রী শেখা আক্তার (৩০), ছেলে আলভী (৯) এবং মেয়ে সাইফা (২)। তারা মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্ধারমানিক এলাকার বাসিন্দা।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ জানান, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বাড়ির মালিক ও প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে মেঝেতে দুই সন্তানের এবং খাটের ওপর মায়ের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— পারিবারিক কলহের জেরে সোমবার (২২ সেপ্টেম্বর) রাতের কোনো এক সময়ে শেখা আক্তার প্রথমে সন্তানদের বিষপান করান এবং পরে নিজেও বিষপান করেন। ঘটনাস্থল থেকে একটি বিষের বোতল জব্দ করা হয়েছে। নিহতের স্বামী দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় অবস্থান করছেন। শেখা আক্তার সন্তানদের নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন।

আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, হঠাৎ এ ঘটনার খবরে স্থানীয়রা ভিড় জমায় এবং পরিবারের এমন করুণ পরিণতিতে এলাকায় নেমে আসে গভীর শোক ও বিষাদের আবহ।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *