শাকসু নির্বাচন ঘিরে অস্থিরতা: তফসিলের আগেই কমিশন থেকে ৪ শিক্ষকের পদত্যাগ

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন ঘিরে শুরু হয়েছে অস্থিরতা। তফসিল ঘোষণার আগেই দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন নির্বাচন কমিশনের চারজন শিক্ষক।

রোববার (২ নভেম্বর) রাতে ব্যক্তিগত কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন তারা। পদত্যাগপত্রে দায়িত্ব পালনে অপারগতার কথা উল্লেখ করেছেন চার শিক্ষকই।

পদত্যাগকারী নির্বাচন কমিশনাররা হলেন— গণিত বিভাগের অধ্যাপক ড. রেজোয়ান আহমেদ, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জিএম রবিউল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী এবং নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল-হায়দার।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল-হায়দার বলেন,

হ্যাঁ, আমি নির্বাচন কমিশনারের দায়িত্ব থেকে পদত্যাগ করেছি।

আরেক কমিশনার অধ্যাপক ড. রেজোয়ান আহমেদ বলেন,

আমি এ দায়িত্ব থেকে পদত্যাগ করেছি। এর কারণ পদত্যাগপত্রে উল্লেখ আছে, সেটি ব্যক্তিগত।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় প্রশাসনিক ভবন-১-এর সামনে উপাচার্যের উপস্থিতিতে শাকসু নির্বাচনের লক্ষ্যে ১৩ সদস্যের নির্বাচন কমিশন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের একাংশ মনে করছেন, সাম্প্রতিক পদত্যাগগুলো নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলতে পারে এবং প্রশাসনের প্রতি আস্থার সংকট আরও বাড়াতে পারে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *