ঈদে বাড়ি ফেরা হলো দুঃস্বপ্ন: পিরোজপুরে সশস্ত্র ডাকাতির কবলে এক পরিবার

নিজস্ব প্রতিনিধি

1 Min Read

ঈদের আনন্দকে ছাপিয়ে আতঙ্কের স্মৃতি—ঢাকা থেকে গ্রামের বাড়ি ফেরার পথে পিরোজপুরে সশস্ত্র ডাকাতির শিকার হয়েছেন একই পরিবারের পাঁচ সদস্য। ধারালো অস্ত্রের মুখে তাদের সর্বস্ব লুটে নেয় দুর্বৃত্তরা। বাধা দিতে গিয়ে আহত হয়েছেন এক নারী।

বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোররাত ৪টার দিকে পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের টেক্সটাইল মিল সংলগ্ন জাঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী বীথি আক্তার জানান, ঈদের ছুটিতে তারা ঢাকার নবীনগর থেকে বাসে করে পিরোজপুরে আসেন। পরে ইজিবাইকে করে গ্রামের বাড়ি খাউল বুনিয়ার উদ্দেশে রওনা দেন। পথে জাঙ্গাইল এলাকায় পৌঁছালে আগে থেকেই গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করে ৮-১০ জনের একটি ডাকাত দল তাদের গাড়ি থামায়।

এরপর গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে পরিবারের সদস্যদের কাছে থাকা নগদ টাকা, স্বর্ণালংকারসহ সবকিছু লুট করে নেয় তারা।

ডাকাতদের একজনকে সন্দেহ হলে তার মুখের কাপড় সরানোর চেষ্টা করেন ভুক্তভোগীরা। এতে ক্ষিপ্ত হয়ে ডাকাতরা লিজা নামে এক নারীকে কুপিয়ে জখম করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় পিরোজপুর সদর পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে বাকি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান চলছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *