কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণকারী নারীদের নিরাপত্তা জোরদারে সাতটি সুপারিশ তুলে ধরেছে নারী সাংবাদিক, লেখক ও সাংস্কৃতিক কর্মীদের সংগঠন “আওয়াজ”।
১০ সেপ্টেম্বর (বুধবার) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সংগঠনটির প্রতিনিধিরা জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের হাতে এসব প্রস্তাব তুলে দেন।
প্রস্তাবগুলো হলো:
১. সৈকতের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নারী পুলিশের সংখ্যা বাড়ানো ও নিয়মিত টহল নিশ্চিত করা।
২. সর্বাধুনিক সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং ২৪ ঘণ্টা মনিটরিং ব্যবস্থা চালু রাখা।
৩. যৌন হয়রানির ঘটনায় ‘জিরো টলারেন্স নীতি’ প্রয়োগ এবং দ্রুত বিচারের ব্যবস্থা করা।
৪. সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গোপন ভিডিওগুলোকে সাইবার অপরাধ হিসেবে চিহ্নিত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া।
৫. শহরের ব্যস্ত এলাকায় প্রচারণা চালানো—সাইনবোর্ড, ব্যানার ও বড় পর্দায় আইন ও শাস্তির তথ্য প্রচার।
৬. পেশাদার ও অপেশাদার ফটোগ্রাফারদের কার্যক্রম নজরদারিতে আনা।
৭. সৈকতের গুরুত্বপূর্ণ অংশে নারীদের জন্য নারীবান্ধব কর্নার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন এবং দালাল-প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।
সভায় জেলা প্রশাসক সালাহউদ্দিন বলেন,
প্রস্তাবগুলোকে আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করছি। দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
সংগঠনের সভাপতি আইরিন আক্তার জানান, দীর্ঘদিন ধরে সমুদ্র সৈকতে নারী পর্যটকরা নানা হয়রানির শিকার হচ্ছেন—গোপনে ভিডিও ধারণ, প্রতারণা এমনকি ধর্ষণের মতো ঘটনাও ঘটেছে। তিনি বলেন,
নারীরা যেন নিশ্চিন্তে কক্সবাজার ভ্রমণ করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতেই আমরা এসব প্রস্তাব দিয়েছি।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে হাবিবা শিরু, সাংগঠনিক সম্পাদক রোকসানা আক্তার সুমি, সহ-সাংগঠনিক সম্পাদক শাহারিয়া আলম শেখলা, ম্যাগাজিন সম্পাদক মাহিয়া রহমান এবং সদস্য শারজিনা আক্তার ও আসমাউল হুসনা।
