সুন্দরবনে নিষিদ্ধ মৌসুমে কাঁকড়া শিকার, ৪৯০ কেজিসহ আটক ৫

নিজস্ব প্রতিনিধি

1 Min Read

সুন্দরবনে প্রজনন মৌসুমে অবৈধভাবে কাঁকড়া শিকারের সময় ৪৯০ কেজি কাঁকড়াসহ পাঁচজনকে আটক করেছে কোস্ট গার্ড। জব্দকৃত কাঁকড়ার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৩৯ হাজার টাকা।

কোস্ট গার্ড পশ্চিম জোন জানায়, শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের নলিয়ান রেঞ্জের কালাবগি সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ পদ্ধতিতে আহরণ করা ডিমওয়ালা কাঁকড়াসহ পাঁচ ব্যবসায়ীকে আটক করা হয়।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী কাঁকড়ার প্রজনন মৌসুম উপলক্ষে ১ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সুন্দরবন থেকে কাঁকড়া শিকার, ক্রয়-বিক্রয় ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। তবে নিষেধাজ্ঞা অমান্য করে একটি চক্র কৌশলে বনে প্রবেশ করে কাঁকড়া শিকার করছিল।

আটক ব্যক্তিরা হলেন—তরুণ সরকার (২৬), মনজুর ঢালী (৪০), মোহাম্মদ জাহাঙ্গীর গাজী (৩৮), মাসুম বিল্লাহ (২৪) ও মোহাম্মদ আজাদ সানা (৫৬)। তাদের সবার বাড়ি সুন্দরবন সংলগ্ন নলিয়ানের কালাবগি গ্রামে।

কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন বলেন, জব্দকৃত কাঁকড়া ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের বন ও সামুদ্রিক সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *