এক ঘণ্টার পরিচ্ছন্নতা অভিযানে কক্সবাজার সৈকত থেকে উদ্ধার ২৫০ কেজি বর্জ্য

ছিদ্দিকুর রহমান, কক্সবাজার প্রতিনিধি

2 Min Read

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে মাত্র এক ঘণ্টার পরিচ্ছন্নতা অভিযানে প্লাস্টিকসহ প্রায় ২৫০ কেজি বর্জ্য সংগ্রহ করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকালে সৈকতের লাবণী পয়েন্টে এ অভিযান পরিচালিত হয়।

ইপসা ও কক্সবাজারে কর্মরত বিভিন্ন যুব সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বিচ ক্লিনিং ক্যাম্পেইন’-এ অংশ নেন প্রায় ১২০ জন স্বেচ্ছাসেবক। অভিযানে সৈকতের বিভিন্ন অংশ থেকে প্লাস্টিক, পলিথিন ও অন্যান্য অপচনশীল বর্জ্য সংগ্রহ করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, কক্সবাজার শুধু দেশের নয়, বিশ্বের জন্যও একটি গুরুত্বপূর্ণ পর্যটন সম্পদ। এই সৈকতকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখা আমাদের সম্মিলিত দায়িত্ব।

তিনি আরও বলেন, প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ এবং টেকসই পর্যটন ব্যবস্থাপনা নিশ্চিত করতে যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কমিয়ে আনতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে।

পরিচ্ছন্নতা অভিযানের মূল উদ্দেশ্য ছিল সমুদ্র সৈকতে প্লাস্টিক দূষণ হ্রাস, পরিবেশ সংরক্ষণ এবং পর্যটকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান এবং ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মো. আরিফুর রহমান।

অভিযানে ১২টি যুব সংগঠনের স্বেচ্ছাসেবক, স্থানীয় যুব প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও ট্যুরিস্ট পুলিশসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সংগ্রহ করা বর্জ্য পরিবেশবান্ধব ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *