রাজধানীর শাহবাগ থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ইনকিলাব মঞ্চের প্রয়াত আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির বড় ভাই ওমর বিন হাদি। শনিবার (২৪ জানুয়ারি) রাতে তিনি থানায় উপস্থিত হয়ে জিডিটি করেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, জিডিতে ওমর বিন হাদি তার জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা উল্লেখ করেছেন। তবে কার কাছ থেকে বা কী ধরনের হুমকির কারণে এই নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে—সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য তিনি উল্লেখ করেননি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, চলতি মাসের ১৫ জানুয়ারি অন্তর্বর্তী সরকার ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে ‘দ্বিতীয় সচিব’ পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়।
