ভোরের নীরবতা ভেঙে হঠাৎ কেঁপে ওঠে দেশের বিভিন্ন এলাকা। সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিটের দিকে কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্প অনুভূত হয় সিলেটসহ একাধিক অঞ্চলে। ঘুম ভেঙে আতঙ্কে অনেকেই ঘর থেকে বেরিয়ে আসেন।
ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূকম্পনের উৎস ছিল ভারতের আসাম রাজ্যের ধিং এলাকা। মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্রস্থল।
কম্পনের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন এলাকার মানুষ ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানান। সিলেট নগরী ও আশপাশের এলাকায় কম্পন তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়েছে বলে অনেকে উল্লেখ করেন।
এর আগে, গত বছরের ১০ ডিসেম্বর মধ্যরাতে সিলেট অঞ্চলে অল্প সময়ের ব্যবধানে দুই দফা ভূমিকম্প হয়েছিল।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোথাও ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
