সিরাজগঞ্জে বিশেষ অভিযানে জাল নোটসহ রঞ্জু আহমেদ (৪০) নামে একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, আটক রঞ্জুর কাছ থেকে মোট ৪৮ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১ হাজার টাকার ২৯টি, ৫০০ টাকার ৩১টি এবং ২০০ টাকার ২০টি নোট রয়েছে। এছাড়া জাল নোট কারবার থেকে অর্জিত ৮ হাজার ৯৯০ টাকা, একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার রঞ্জু সদর উপজেলার বড় হামকুড়িয়া গ্রামের বাসিন্দা। র্যাবের দাবি, তিনি দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ ও আশপাশের এলাকায় জাল নোট সরবরাহ করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধের বিষয়টি স্বীকার করেছেন।
র্যাব আরও জানায়, রঞ্জুর বিরুদ্ধে এর আগে জাল নোট কারবারের মামলা রয়েছে। নতুন করে এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
