নতুন সম্ভাবনার সন্ধানে: বেলজিয়ামে বাংলাদেশি শিক্ষার্থীদের মেন্টরিং সেশন

বেলজিয়াম প্রতিনিধি

3 Min Read

বেলজিয়ামে অধ্যয়নরত শিক্ষার্থী, গবেষক ও তরুণ পেশাজীবীদের ক্যারিয়ার পরিকল্পনা ও আন্তর্জাতিক বাজারে সাফল্যের রূপরেখা দিতে এক অনুপ্রেরণামূলক Career and Mentoring Session অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশি শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন Bangladeshi Student and Alumni Association in Belgium (BSAAB)-এর আয়োজনে এবং বাংলাদেশ দূতাবাস, বেলজিয়াম-এর সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানটি বেলজিয়ামে বাংলাদেশি কমিউনিটির জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে।

Career and mentoring session for BD students in Belgium
বাংলাদেশি শিক্ষার্থীদের একাংশ

রাষ্ট্রদূতের প্রশংসা: “তরুণদের প্রতিভাই হবে অগ্রযাত্রার চালিকাশক্তি”

অনুষ্ঠানের প্রধান অতিথি বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মাসুদুল আলম আয়োজকদের প্রশংসা করে বলেন,

এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের প্রতিভা বাংলাদেশ ও প্রবাসী কমিউনিটির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। দূতাবাস সবসময় তাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করবে।

রাষ্ট্রদূত তরুণ গবেষক ও পেশাজীবীদের সাফল্যে দূতাবাসের গর্ব প্রকাশ করেন এবং আরও এমন কর্মসূচি আয়োজনের আশ্বাস দেন।

বিশেষজ্ঞদের পরামর্শে ক্যারিয়ারপথের রূপরেখা

সেশনে শিক্ষা, শিল্প, ব্যবসা, আইটি, এনজিও ও ফাইন্যান্সসহ বিভিন্ন সেক্টরের শীর্ষস্থানীয় মেন্টররা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের ক্যারিয়ার পরিকল্পনা ও ইউরোপীয় চাকরির বাজারে সুযোগ তৈরির উপায় নিয়ে দিকনির্দেশনা দেন। শিক্ষা খাতে পরামর্শ দেন প্রফেসর ড. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. সজীব চক্রবর্তী, মাইশা কাজি এবং কেয়া আক্তার। শিল্পখাতের অভিজ্ঞতা শেয়ার করেন ড. শোভন গৌতম, জনাব ইকরাম হোসেন এবং জনাব রাশেদুল ইসলাম। ব্যবসায় উদ্যোক্তা খাতে অংশ নেন জনাব মঈনুল আলম। আইটি খাতের আলোচনায় নেতৃত্ব দেন জনাব তানভিরুল হক এবং জনাব মিশকাত হায়দার চৌধুরী। এনজিও ও ইউরোপীয় ইউনিয়নের অভিজ্ঞতা তুলে ধরেন জনাব ওমর ডালি, আর ব্যাংকিং ও ফাইন্যান্স খাত থেকে দিকনির্দেশনা দেন জনাব মাসুদ পারভেজ রানা ও অন্যান্যরা।

Career and mentoring session for BD students in Belgium
মান্যবর রাষ্ট্রদূত খন্দকার মাসুদুল আলম

BSAAB সভাপতির বার্তা: “নেটওয়ার্কিং-এর বিকল্প নেই”

BSAAB-এর সভাপতি জনাব ইকরাম হোসেন বলেন,

এমন একটি সেশন শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের লক্ষ্য অর্জনে কার্যকর দিকনির্দেশনা দেবে। নেটওয়ার্কিং-এর বিকল্প নেই। আমাদের সংগঠন শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের মধ্যে সংযোগ বৃদ্ধিতে ধারাবাহিকভাবে কাজ করছে।

তিনি ভবিষ্যতেও আরও এ ধরনের উদ্যোগ আয়োজনের প্রতিশ্রুতি দেন।

শিক্ষার্থীদের প্রশ্নোত্তরে প্রাণবন্ত আলোচনা

Career and mentoring session for BD students in Belgium
মেন্টরস

প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা ক্যারিয়ার পরিকল্পনা, গবেষণার সুযোগ এবং ইউরোপে চাকরির বাজার নিয়ে নানা প্রশ্ন উত্থাপন করেন। মেন্টররা সব প্রশ্নের বাস্তবসম্মত উত্তর ও দিকনির্দেশনা প্রদান করেন।
শিক্ষার্থীরা জানান, এই সেশন তাদের আত্মবিশ্বাস, পরিকল্পনা এবং ক্যারিয়ার গড়ার পথ সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে।

সেশনের সমাপ্তি ও কৃতজ্ঞতা প্রকাশ

অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করতে গিয়ে সভাপতি ইকরাম হোসেন বাংলাদেশ দূতাবাস, মেন্টর, অতিথি ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন যে, ইউরোপে অধ্যয়নরত তরুণ প্রজন্ম ভবিষ্যতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে এবং প্রবাসী কমিউনিটিকে আরও শক্তিশালী করবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *