চকরিয়ায় ২০ দিন বয়সী নবজাতক বিক্রি, নানি ও খালা আটক

সিদ্দিকুর রহমান, কক্সবাজার প্রতিনিধি

1 Min Read

কক্সবাজারের চকরিয়ায় মাত্র ২০ দিন বয়সী এক নবজাতক কন্যাশিশু বিক্রির অভিযোগ উঠেছে তার আপন নানির বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ নানি নুরুন্নাহার ও তার বোনকে আটক করেছে। শিশুটিকে উদ্ধারে পুলিশ ব্যাপক অভিযান চালাচ্ছে।

ঘটনাটি ঘটেছে গত ২৭ আগস্ট সকালে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী এলাকায়। ওইদিন নবজাতকের মা জেসমিন আক্তার পাশের দোকানে যাওয়ার সময় শিশুটিকে নানির কাছে রেখে যান। ফিরে এসে দেখেন শিশু ও নানি উধাও। তিন দিন খোঁজাখুঁজির পরও সন্তানের সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি।

জেসমিনের অভিযোগ, তার মা নুরুন্নাহার, খালা ও খালাতো ভাই মিলে টাকা লেনদেনের মাধ্যমে শিশুটিকে বিক্রি করেছেন। তিনি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। স্বামী দ্বিতীয় বিয়ে করায় তাকে ভরণপোষণ দেন না।

মঙ্গলবার রাতে থানায় লিখিত অভিযোগ করার পর পুলিশ নানিকে গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার বোন ও বোনের ছেলে নবজাতককে চট্টগ্রামের কর্ণফুলী ব্রিজ এলাকায় নিয়ে বিক্রি করেছে।

জেসমিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার সংসার ভেঙে গেছে, আমি ভিক্ষা করি। আমার মা-ই আমার ২০ দিনের শিশুকে বিক্রি করেছে। আমি শুধু আমার সন্তানকে ফেরত চাই।”

চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, “একটি শিশু নানির কাছেও নিরাপদ নয়—এ ঘটনাই তার প্রমাণ। নবজাতক উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে। শিগগিরই তাকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হবে।”

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *