মায়ানমার থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে একটি মহিষ, ২ রাউন্ড তাজা গোলা, বিপুল পরিমাণ বিদেশি ও স্থানীয় মুদ্রা এবং ৭ জন রোহিঙ্গা পাচারকারী আটক হয়েছে। অভিযানে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোটও জব্দ করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বুধবার (৪ জুন) রাতে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর নিয়মিত টহলের সময় শাহপরীর দ্বীপের গোরারচর সংলগ্ন সমুদ্র এলাকায় সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোট লক্ষ্য করা হয়।
বোটটিকে থামার সংকেত দিলে তা অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে কোস্ট গার্ড সদস্যরা বোটটি আটক করে। বোটে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় দুটি তাজা গোলা, মায়ানমারের ৪০ হাজার কিয়াত, বাংলাদেশি ৩০০ টাকা এবং একপাশে পানিতে ভাসমান অবস্থায় একটি মহিষ।
আটককৃত পাচারকারীরা হচ্ছেন:
- আব্দুর মোনাফ (৪৩)
- মোঃ ইউসুফ (৩৮)
- মোঃ ওয়ারেস (৩০)
- মোঃ নূর (৩৮)
- মোঃ ইদ্রিস (৩৭)
- আব্দুর রশিদ (৩২)
- মোঃ রফিক (২৭)
তারা সবাই কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে নিশ্চিত করেছে কোস্ট গার্ড।
অভিযান শেষে আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। জব্দকৃত মহিষ টেকনাফ কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন,
“দেশের উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এই অভিযানে উপকূলীয় অঞ্চলে অবৈধ চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে কোস্ট গার্ডের তৎপরতা আবারও প্রমাণিত হল।
সূত্র: বাংলাদেশ কোস্ট গার্ড
