শুক্রবার দেশে আনা হচ্ছে ওসমান হাদির মৃতদেহ

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে তার মরদেহ বাংলাদেশে আনা হবে।

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে নির্বাচনী প্রচারণার সময় তাকে গুলি করা হয়। সে সময় তিনি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, চলন্ত মোটরসাইকেলে আসা দুজন দুর্বৃত্ত খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং ঘটনাস্থল ত্যাগ করে। গুলিবিদ্ধ অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

চিকিৎসকদের তথ্য অনুযায়ী, গুলিটি তার মাথার ডান পাশ দিয়ে প্রবেশ করে বাম পাশ দিয়ে বের হয়ে যায়। তবে গুলির একটি অংশ মস্তিষ্কে থেকে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে। পরে পরিবারের সিদ্ধান্তে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।

শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার (১৫ ডিসেম্বর) উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে নিবিড় চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।

শরিফ ওসমান হাদি জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে সক্রিয় রাজনৈতিক ভূমিকার মাধ্যমে আলোচনায় আসেন। তার মৃত্যু ঘিরে রাজনৈতিক অঙ্গনে শোক ও উত্তেজনা বিরাজ করছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত ও বিচারের দাবিও জোরালো হচ্ছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *