মেহেরপুর শহরের কোর্ট মোড় এলাকায় পুলিশ সুপারের সরকারি বাসভবনে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) বিকেল ৪টার দিকে বাসভবনের ভেতর থেকে হঠাৎ ধোঁয়া উঠতে দেখা যায়। মুহূর্তেই চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, বাসভবনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) বিস্ফোরণের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে। অগ্নিকাণ্ডে ডাইনিং স্পেসে রাখা ফ্রিজ, সোফা সেট, চেয়ার, টেবিলসহ বেশ কিছু আসবাবপত্র সম্পূর্ণভাবে পুড়ে যায়।
পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন,
খবর পেয়ে দ্রুত বাসভবনে আসি। আগুনের তীব্রতা তখন কিছুটা কমে এলেও পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে ছিল। ফায়ার সার্ভিস দ্রুত পদক্ষেপ না নিলে ক্ষয়ক্ষতি আরও ভয়াবহ হতে পারত।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সাকরিয়া হায়দার জানান,
ঘটনাস্থলে তিনটি ইউনিট একযোগে কাজ করে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডের কারণ নিয়ে তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস ও প্রশাসন।
