ইউএনওকে ধমক: ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি

1 Min Read

নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি কাজে বাধা ও আদালত অবমাননার অভিযোগে লেঙ্গুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভুইয়াকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

রোববার (১৮ জানুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ বরখাস্তের আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রতিনিধি হিসেবে সহযোগিতা করার পরিবর্তে সাইদুর রহমান ভুইয়া ম্যাজিস্ট্রেটের কার্যক্রমে বাধা দেন এবং আদালত চলাকালে অসদাচরণ করেন। এটি ক্ষমতার অপব্যবহার হিসেবে বিবেচিত হওয়ায় স্থানীয় সরকার আইন অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এর আগে শনিবার (১৭ জানুয়ারি) কলমাকান্দার লেঙ্গুরা বাজারে সরকারি জমিতে অবৈধভাবে মার্কেট নির্মাণের অভিযোগে উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় ইউপি চেয়ারম্যানের ভাই মো. পারভেজকে আটক করে অর্থদণ্ড দেওয়া হয়।

ঘটনাস্থলে ইউপি চেয়ারম্যান উপস্থিত হয়ে ইউএনও মাসুদুর রহমানের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে চেয়ারম্যানকে ইউএনওর সঙ্গে উচ্চস্বরে কথা বলতে দেখা যায়।

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান জানান, সরকারি জমি দখল করে অবৈধ নির্মাণ চলছিল বলেই প্রশাসন ব্যবস্থা নেয়। পরে চেয়ারম্যান এসে আপত্তিকর আচরণ করেন।

জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, সরকারি কাজে বাধা ও অসদাচরণের সব প্রমাণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *