নানা নাটকীয়তার পর চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিন আহমেদের মনোনয়নপত্র অবশেষে বৈধ ঘোষণা করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয় চট্টগ্রাম–১৪ আসনের। রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রার্থীর খেলাপী ঋণ এবং ব্যাংক সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখেন। যাচাই প্রক্রিয়ার সময় কিছু তথ্য অস্পষ্ট হওয়ায় মনোনয়নপত্র প্রাথমিকভাবে স্থগিত রাখা হয়, যা সমর্থকদের মধ্যে হতাশা তৈরি করে।
পরবর্তীতে বিকেল ৪টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ায় বিকেল সাড়ে ৪টার দিকে জসিমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। একই সময়ে চট্টগ্রাম–১৪ আসনের মোট ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এ প্রক্রিয়ায় স্বতন্ত্রপ্রার্থী মোহাম্মদ মিজানুল হক চৌধুরী ও মোহাম্মদ নুরুল আনোয়ারের মনোনয়নপত্র বাতিল হয় এক শতাংশ ভোটারের সাক্ষরের জটিলতার কারণে।
অবশেষে, দীর্ঘ নাটকীয়তা পেরিয়ে জসিম উদ্দিন আহমেদ নির্বাচনপ্রক্রিয়ায় অংশগ্রহণের যোগ্য হয়েছেন। মনোনয়নপত্র বৈধ হওয়ায় তার সমর্থকরা স্বস্তি প্রকাশ করেছেন।
