রাজধানীর জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর অভিযান: উদ্ধার ৩২টি তাজা ককটেল, আটক ৪

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

2 Min Read

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করেছে সেনাবাহিনী। অভিযানে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বসিলা আর্মি ক্যাম্পের সদস্যরা মোহাম্মদপুর থানার সহায়তায় জেনেভা ক্যাম্পে অভিযান চালান। প্রাথমিকভাবে অভিযানে কিছু গান পাউডার ও ধারালো অস্ত্র উদ্ধার হয়। পরে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকায় পুনরায় অভিযান চালিয়ে একটি বাড়ির দুটি কক্ষ থেকে আরও বিপুল পরিমাণ বিস্ফোরক সামগ্রী পাওয়া যায়।

সেখানে ৩২টি তাজা ককটেল, মার্বেল, গান পাউডার এবং ককটেল তৈরির সরঞ্জামসহ একটি ব্লেন্ডার মেশিন উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, ব্লেন্ডার মেশিন ব্যবহার করে গান পাউডার ও মার্বেল মিশিয়ে এসব বিস্ফোরক তৈরি করা হচ্ছিল।

উদ্ধার করা ককটেলগুলো নিষ্ক্রিয় করে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট। সোমবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে বছিলা আর্মি ক্যাম্পে প্রথম ধাপে ১৮টি ও পরের ধাপে আরও ১৪টি ককটেল নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়।

অভিযান পরিচালনা করেন ২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্মকর্তারা। তারা জানান, মোহাম্মদপুর ও আদাবর থানার যৌথ সহযোগিতায় দেশীয় অস্ত্র, বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র তৈরির উপকরণ ও মাদকদ্রব্য উদ্ধার করা সম্ভব হয়েছে।

সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে—এটি কোনো একক অপরাধীর কাজ নয়, বরং একটি সংগঠিত নেটওয়ার্কের মাধ্যমে বিস্ফোরক তৈরি ও সরবরাহ করা হচ্ছিল। গ্রেফতারকৃতদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই নেটওয়ার্কের মূল হোতাকে শনাক্ত ও গ্রেফতারের অভিযান চলছে।

সূত্র জানায়, জেনেভা ক্যাম্পের ভেতরে দীর্ঘদিন ধরে কিছু অপরাধচক্র মাদক ও অস্ত্র ব্যবসার আড়ালে বিস্ফোরক তৈরির কাজ চালিয়ে আসছিল। সেনাবাহিনীর এই অভিযান সেই চক্রের বিরুদ্ধে বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *