চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে কুমিল্লা থেকে মিরসরাইয়ে ফেরার পথে ফেনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, এমপিকে বহনকারী প্রাইভেটকারটি একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের ওপর উঠে যায়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় এমপি নুরুল আমিন ও তার গাড়িচালক মনির আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বারইয়ারহাটের কমফোর্ট হাসপাতাল-এ নিয়ে যান। সেখানে এমপিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নুরুল আমিন মাথায় আঘাত পেয়েছেন। কমফোর্ট হাসপাতালের চিকিৎসক ডা. রেজাউল করিম জানান, প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতাল-এ স্থানান্তর করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, ইম্পেরিয়াল হাসপাতালে সিটি স্ক্যান করার পর আঘাতের মাত্রা নির্ধারণ করা যাবে।
এ বিষয়ে বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী বলেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এমপিকে চট্টগ্রামে নেওয়া হয়েছে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। সিটি স্ক্যানের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী চিকিৎসা শুরু হবে।
