তারাবির পর খেলতে গিয়ে নিখোঁজ, সেপটিক ট্যাংকে মিলল শিশুর মরদেহ

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

1 Min Read

রাজধানীর উলন এলাকায় একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে ৬ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে দেখছে পুলিশ, তবে পরিবার ও স্থানীয়দের দাবি—ঘটনাটি সন্দেহজনক।

নিহত শিশুর নাম তাহিতি। স্বজনদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মায়ের সঙ্গে তারাবির নামাজ আদায় শেষে খেলতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় সে। দীর্ঘ সময় পার হলেও বাসায় না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা।

অনেক খোঁজাখুঁজির পর বাসার পাশের একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে তাহিতিকে পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা বলে ধারণা করছে। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন, সেপটিক ট্যাংকের মুখ খোলা থাকলেও সেখানে একটি শিশুর পড়ে যাওয়ার বিষয়টি অস্বাভাবিক এবং বিষয়টি গভীরভাবে তদন্ত করা প্রয়োজন।

এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা-মা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *