ঢাকার মোহাম্মদপুর এলাকায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সদর দফতর জানিয়েছে, দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশের জন্য নির্ধারিত এসওপি (Standard Operating Procedure) কঠোরভাবে মেনে চলা বাধ্যতামূলক। যদিও সদস্যদের খাবার ও বিশ্রামের সুযোগ রাখা হয়, তবে তা পর্যায়ক্রমে প্রদান করা হয় যাতে দায়িত্ব পালনে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়। কিন্তু অভিযুক্ত কর্মকর্তারা সেই নিয়ম ভঙ্গ করেছেন।
প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন—সহকারী কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান, পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম এবং ডিউটি অফিসার এসআই মাসুদুর রহমান।
পুলিশের একাধিক সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পরিস্থিতি সংবেদনশীল হওয়ায় ডিএমপির প্রতিটি থানাকে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছিল। নির্দেশনা ছিল—যেকোনো রাজনৈতিক কর্মসূচির সময় সংশ্লিষ্ট থানা প্রশাসনিকভাবে দায়বদ্ধ থাকবে এবং তাৎক্ষণিক জবাবদিহি করতে হবে।
শুক্রবার (১৯ই সেপ্টেম্বর) জুমার নামাজের পর মোহাম্মদপুর এলাকায় আকস্মিক পরিদর্শনে যান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস. এন. নজরুল ইসলাম। সেখানে তিনি দেখতে পান, আওয়ামী লীগের মিছিল নিয়ন্ত্রণে দায়িত্বে থাকা কর্মকর্তারা ডিউটির সময় খাওয়া ও বিশ্রামে ব্যস্ত। তাদের দায়িত্বহীনতার কারণে পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারত বলে অভিযোগ ওঠে।
ঘটনার পরপরই তাৎক্ষণিকভাবে তিন কর্মকর্তাকে প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়। সহকারী পুলিশ কমিশনার এ কে এম মেহেদী হাসানকে ডিএমপি সদর দফতরে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ সদর দফতর বলছে, দায়িত্বে অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে এবং দায়িত্ব পালনে গাফিলতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
