বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, আওয়ামী লীগকে নির্বাহী আদেশ নয়, সংসদীয় আইনের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে। এতে করে ভবিষ্যতে আবার রাজনৈতিক মাঠে ফিরে আসার সুযোগ থাকবে না।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ মসজিদ সংলগ্ন বাইতুস শরফ মাদ্রাসা মাঠে সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।
আজিজুল বারী হেলাল বলেন, সরাসরি নির্বাচনে না এসে আওয়ামী লীগ মাঠ খালি করার ষড়যন্ত্র করছে। দেশের জনগণ সেই ফাঁদে পা দেবে না। তিনি জামায়াত ইসলামকে দেশের রাজনীতির জন্য মারাত্মক জীবাণু বলে উল্লেখ করেন।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিএনপি নেতাকর্মীদের স্বেচ্ছাসেবক হিসেবে মণ্ডপে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি হবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানদের মিলনস্থল।
সম্মেলন শেষে উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
