মুম্বাইয়ে ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিসিআইয়ের নির্বাচন। বার্ষিক সাধারণ সভার ওই দিনই সভাপতি, সহসভাপতি, সচিব, যুগ্ম সচিব ও কোষাধ্যক্ষ পদে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে। এরই মধ্যে সভাপতি পদে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন সাবেক ক্রিকেটার ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক ব্যাটিং পরামর্শক মিথুন মানহাজ।
মানহাজ ২০১৭ সালে শেষবার মাঠে নামার পরই কোচিংয়ে যুক্ত হন। বাংলাদেশ যুব দলের সঙ্গে তিনি কাজ করেছেন ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত। পাশাপাশি আইপিএলের একাধিক দলের সঙ্গেও যুক্ত ছিলেন—২০১৭ সালে পাঞ্জাব কিংস, ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও ২০২২ সালে গুজরাট টাইটান্সে সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। প্রশাসনিক দায়িত্বেও তার অভিজ্ঞতা রয়েছে; বর্তমানে তিনি জম্মু ও কাশ্মীর রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের উপ-কমিটিতে রয়েছেন।
এখন পর্যন্ত সভাপতি পদে আর কোনো প্রার্থী মনোনয়ন জমা না দেওয়ায় তিনি কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার দ্বারপ্রান্তে। একইভাবে কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রঘুরাম ভাট।
মানহাজ ও রঘুরাম সম্প্রতি দিল্লিতে আইসিসি সভাপতি জয় শাহ, বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি রাজিব শুক্লা, সচিব দেবাজিত সাইকিয়া, দিল্লি জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রোহাল জেটলি ও সাবেক সচিব নিরঞ্জন শাহের সঙ্গে বৈঠক করেছেন।
আজই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। নতুন করে আর কোনো প্রার্থী না আসলে সভাপতি পদে মিথুন মানহাজ এবং কোষাধ্যক্ষ পদে রঘুরাম ভাট বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। অন্যদিকে সহসভাপতি হিসেবে রাজিব শুক্লা এবং সচিব পদে দেবাজিত সাইকিয়ার বহাল থাকার সম্ভাবনা প্রবল।
