বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন ঘিরে একের পর এক জটিলতা তৈরি হচ্ছে। এর মধ্যেই মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
বুধবার (১ অক্টোবর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেন তামিম। একসময় তিনি বোর্ডের সাধারণ পরিচালক হিসেবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন এবং বিশেষ করে ক্রিকেট অপারেশনে মনোযোগ দিতে চেয়েছিলেন। তবে শেষ মুহূর্তে আর প্রতিদ্বন্দ্বিতায় নামতে চাননি তিনি। তামিম বলেন,
নোংরামির সঙ্গে থাকতে চাই না বলেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।
এর আগে জানা যায়, সরকারি হস্তক্ষেপের অভিযোগে বিসিবি নির্বাচন বয়কটের হুমকি দিয়েছিল তামিম ইকবালের নেতৃত্বাধীন ১২-১৩টি ক্লাব। তবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে নাম উঠে আসা ১৫টি ক্লাবকে ভোটে অংশ নিতে না দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। এই তালিকায় তামিম ইকবালের সংশ্লিষ্ট ক্লাবও ছিল।
বিগত সময়ে ক্ষমতাসীন সরকারের প্রভাব খাটিয়ে সুবিধা নেওয়া ১৮টি ক্লাবের মধ্যে ১৫টি ক্লাব ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল। লিগ না খেলেই তারা তৃতীয় বিভাগ বাছাইয়ের বৈতরণী পার হয়েছিল, যা নিয়ে বিতর্ক চলছিল অনেক দিন ধরেই। ঠিক এমন পরিস্থিতিতে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকতে চাননি তামিম।
আগামী ৬ অক্টোবর বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে তার আগেই মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় বড় ধাক্কা খেল আসন্ন নির্বাচন।
