পেনাল্টিতে শিরোপা হাতছাড়া রোনালদোর আল নাসরের

স্পোর্টস ডেস্ক

1 Min Read

ক্রিস্টিয়ানো রোনালদোর শততম গোলের রাতটিও শেষ পর্যন্ত দুঃস্বপ্ন হয়ে রইল আল নাসরের জন্য। সৌদি সুপার কাপের ফাইনালে এগিয়ে থেকেও শেষ হাসি হাসতে পারেনি তারা। ভাগ্যের নিষ্ঠুরতায় পেনাল্টি শুটআউটে আল-আহলির কাছে হার মানতে হলো রোনালদোদের।

হংকং স্টেডিয়ামে ইতিহাস গড়ার অপেক্ষায় ছিলেন রোনালদো। ৪১ মিনিটে স্পট কিক থেকে গোল করে পূর্ণ করেন আল নাসরের হয়ে তার শততম গোলের মাইলফলক। সেই সঙ্গে দলকেও এগিয়ে দেন তিনি। তবে স্বপ্নযাত্রা বেশিক্ষণ স্থায়ী হয়নি। বিরতির আগেই আল-আহলিকে সমতায় ফেরান ফ্রাঙ্ক কেসি, দুর্দান্ত এক দূরপাল্লার শটে।

ম্যাচের ৮২ মিনিটে আল নাসর ফের লিড পায় মার্সেলো ব্রজোভিচের গোলে। শিরোপা থেকে মাত্র কয়েক মিনিট দূরে ছিল তারা। কিন্তু শেষ মুহূর্তের নাটকই গড়ে দিল ভিন্ন পরিণতি। ৮৯ মিনিটে সমতায় ফেরে আল-আহলি। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও আর কোনো গোল হয়নি।

শেষ পর্যন্ত ভাগ্য নির্ধারণ হয় পেনাল্টিতে। প্রথম শট নিতে এগিয়ে আসেন রোনালদো, নিখুঁতভাবে লক্ষ্যভেদ করেন তিনি। তবে দলীয় চতুর্থ শটে ব্যর্থ হয় আল নাসর। বিপরীতে আল-আহলি একে একে সবগুলো শটেই সফল হয়। ফলে ৫-৩ ব্যবধানে জয় পায় তারা। আল নাসরের পঞ্চম শট নেওয়ার সুযোগই আর আসেনি।

ব্যক্তিগত অর্জনের দিক থেকে এই ম্যাচ রোনালদোর ক্যারিয়ারে স্মরণীয় হয়ে থাকবে। তবে দলের পরিণতি মিশে গেল আক্ষেপে। শততম গোলের রাতও তাই শেষ হলো ট্রফি হাতছাড়া করার বেদনায়।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *