বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য নতুন উত্তেজনা তৈরি হয়েছে। আসন্ন এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজটি শুরু হবে ৩০ আগস্ট, বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১ ও ৩ সেপ্টেম্বর।
নেদারল্যান্ডস এবার পূর্ণ শক্তির দল নিয়েই আসছে। ঘোষিত ১৩ সদস্যের দলে আছেন তাদের নিয়মিত অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস। দলে আরও রয়েছেন অভিজ্ঞ ব্যাটার ম্যাক্সওয়েল ও’দউদ, অলরাউন্ডার বিক্রমজিত সিং, স্পিনার আরিয়ান দত্ত ও পেসার পল ফন মিকেরেনের মতো পরিচিত মুখ। এছাড়া প্রথমবারের মতো দলে সুযোগ পেয়েছেন তরুণ ক্রিকেটার বেন ফ্লেচার।
শুধু খেলোয়াড় নয়, পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট টিমও আসছে বাংলাদেশ সফরে। প্রধান কোচ রায়ান কুকের সঙ্গে থাকবেন দুই সহকারী কোচ রায়ান ফন নিকার্ক ও হেইনো খুনসহ মোট সাতজনের সাপোর্ট স্টাফ।
বাংলাদেশের জন্য এ সিরিজটি হবে এশিয়া কাপের আগে নিজেদের শক্তি-সামর্থ্য যাচাই করার বড় সুযোগ। সিলেটের মাটিতে প্রথমবারের মতো নেদারল্যান্ডসের বিপক্ষে পূর্ণাঙ্গ টি-টোয়েন্টি সিরিজও নতুন মাত্রা যোগ করবে ক্রিকেটপ্রেমীদের উৎসবে।
নেদারল্যান্ডস স্কোয়াড:
স্কট অ্যাডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্সওয়েল ও’দউদ, বিক্রমজিত সিং, অনিল নিদামানুরু, নোয়াহ ক্রোয়েস, সাকিব জুলফিকার, রায়ান ক্লেইন, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ডানিয়েল দোরাম।
