বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ভারতে আনতে গুনতে হয়েছে বিশাল অঙ্কের অর্থ। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৮১ কোটি টাকার সমান। কেরেলা সরকারের উদ্যোগে দীর্ঘদিনের আলোচনা-দরকষাকষির পর অবশেষে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়েছে লিওনেল মেসিদের ভারত সফর।
প্রথমে অক্টোবর উইন্ডোতে সফরের পরিকল্পনা থাকলেও অর্থ পরিশোধ নিয়ে জটিলতায় স্থগিত হয় আর্জেন্টিনার সফর। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) শর্ত দিয়েছিল নির্ধারিত সময়ের অনেক আগেই চুক্তির সব টাকা বুঝে নিতে হবে। ভারতীয় পক্ষ সে শর্ত মানতে দেরি করায় সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। পরে সম্প্রচার প্রতিষ্ঠানগুলোর সহায়তায় পুরো অর্থ পরিশোধ করা হলে আবারও আলোচনায় ফেরে দুই পক্ষ।
কেরেলার ক্রীড়ামন্ত্রী আব্দুর রাহিমান সরাসরি যোগাযোগ করেছিলেন আর্জেন্টিনার ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে। সেই সূত্রেই এগোয় আলোচনা এবং চূড়ান্ত হয় ১৩০ কোটি রুপির চুক্তি। এক বিবৃতিতে এএফএ নিশ্চিত করেছে, আসছে নভেম্বর আন্তর্জাতিক বিরতিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। এর একটি অনুষ্ঠিত হবে ভারতের কেরেলায়।
যদিও প্রতিপক্ষের নাম এখনো চূড়ান্ত হয়নি, তবে ধারণা করা হচ্ছে আফ্রিকার কোনো দেশের বিপক্ষে মাঠে নামবে মেসি-দিবালারা। এদিকে সফরের নিশ্চয়তা মিললেও শেষ মুহূর্তের টালবাহানায় ভারতকে আইনি পদক্ষেপ নিতেও হয়েছিল।
বাংলাদেশও একসময় আর্জেন্টিনাকে আনার চেষ্টা করেছিল। কিন্তু অগ্রিম পুরো অর্থ পরিশোধের শর্ত মানতে না পেরে পিছিয়ে আসে বাফুফে। ফলে আর্জেন্টিনা ফুটবলের প্রথম ভারত সফরের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় আলোড়ন তৈরি করতেই প্রস্তুত হচ্ছে মেসির দল।
