বিএনপি নেতা ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

মাইশা তাসনিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান নিয়ে বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

রবিবার কেন্দ্রীয় দফতর থেকে পাঠানো ওই নোটিশে তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, তিনি ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহীদদের নিয়ে অপমানজনক মন্তব্য করেছেন। এসব বক্তব্য দলীয় আদর্শ ও গণ-অভ্যুত্থানের চেতনার পরিপন্থি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করে। তার বক্তব্যে জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং তা দলের সুনাম ক্ষুণ্ণ করার সুপরিকল্পিত প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

এছাড়া অভিযোগ করা হয়, তিনি বক্তব্যের মাধ্যমে জনগণের ধর্মীয় অনুভূতিকেও আঘাত করেছেন।

নোটিশে আরও বলা হয়, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে বিএনপির সাড়ে চারশোর বেশি নেতাকর্মীসহ প্রায় দেড় হাজার মানুষ শহীদ হয়েছিলেন এবং ত্রিশ হাজারেরও অধিক মানুষ আহত হয়েছিলেন। সেই আত্মত্যাগকে অবমাননা করে তিনি বারবার উদ্ভট ও শৃঙ্খলাভঙ্গমূলক বক্তব্য দিচ্ছেন।

ফলে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিত জবাব আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *