গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। মামলাটি করেছেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ।
তানভীর সিরাজ অভিযোগ করেন, অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনায় সারজিস আলম প্রকৃত তথ্য যাচাই না করেই বিএনপিকে জড়িয়ে একাধিকবার অপপ্রচার চালান। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং কর্মীদের মনে গভীর আঘাত লেগেছে।
মঙ্গলবার (১২ আগস্ট) গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলাটির শুনানি হয়। শুনানি শেষে আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।
মামলার আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান জানান, সারজিস আলম অতীতেও বিএনপিকে নিয়ে এ ধরনের মন্তব্য করেছেন। আশা করা হচ্ছে, তদন্তে সত্য উদঘাটিত হবে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ হবে।
