চট্টগ্রামে ঝটিকা মিছিলে পুলিশের এসআই কুপিয়ে জখম, আটক ১৮

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় হঠাৎ ঝটিকা মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত হয়েছেন উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ রানা। সোমবার (১১ আগস্ট) গভীর রাতে এ ঘটনায় ১৮ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, রাত ১১টার দিকে দেশীয় অস্ত্রে সজ্জিত নেতাকর্মীরা আকস্মিক মিছিল শুরু করে। খবর পেয়ে বন্দর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পুলিশের ওপর চড়াও হয়। এ সময় এসআই রানাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার পর বন্দর এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে লোহার পাইপ, শাবল, কুড়াল ও চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বন্দর থানার ওসি আফতাব উদ্দিন জানিয়েছেন, হামলাকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

পুলিশের দাবি, এ হামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়িত ছিল। এখনো মামলা হয়নি, তবে দ্রুত আইনি প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *