অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে বৈঠক করতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দেশে ফেরার পর এটিই হবে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের প্রথম সৌজন্য সাক্ষাৎ।
বৈঠকে বিএনপির মহাসচিবসহ দলের স্থায়ী কমিটির একাধিক সদস্য উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে। আলোচনায় আসন্ন জাতীয় নির্বাচন, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি এবং বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রাধান্য পাবে।
এর আগে গত বছরের মে মাসে লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে বৈঠক হয়েছিল। সে সময় আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের সম্ভাব্য সময় নিয়েও আলোচনা হয় বলে জানা যায়।
বিএনপি সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে দলটি উদ্বিগ্ন। নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকারের সর্বোচ্চ পর্যায়ের সঙ্গে সরাসরি আলোচনাকে গুরুত্বপূর্ণ মনে করছে বিএনপি।
রাজনৈতিক উত্তেজনা ও নির্বাচন ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই বৈঠক থেকে কী বার্তা আসে, সেদিকেই এখন নজর রাজনৈতিক অঙ্গনের।
