আন্তর্জাতিক গণমাধ্যমে শীর্ষ খবর: বেগম খালেদা জিয়ার জীবনাবসান

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

3 Min Read

বাংলাদেশের রাজনীতির প্রভাবশালী অধ্যায় বেগম খালেদা জিয়ার অবসানের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক গুরুত্ব পেয়েছে। বিশ্বের প্রভাবশালী সংবাদমাধ্যমগুলো তার মৃত্যু সংবাদকে প্রধান শিরোনাম ও ব্রেকিং নিউজ হিসেবে প্রকাশ করেছে, তুলে ধরেছে তার রাজনৈতিক জীবন, সংগ্রাম ও ঐতিহাসিক অবস্থান।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিএনপি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ঘোষণায় জানায়—“আমাদের প্রিয় নেত্রী আর আমাদের মধ্যে নেই। মঙ্গলবার সকাল ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।” বিবিসি আরও জানায়, মৃত্যুর আগের রাতে চিকিৎসকেরা তার অবস্থাকে ‘অত্যন্ত সংকটজনক’ বলে উল্লেখ করেছিলেন এবং বয়স ও শারীরিক জটিলতার কারণে একাধিক চিকিৎসা একসঙ্গে দেওয়া সম্ভব হচ্ছিল না।

আল জাজিরা তাদের প্রতিবেদনে খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে জানায়, দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়। সংবাদমাধ্যমটি আরও তুলে ধরে যে, তার শেষ দিনগুলোতে অন্তর্বর্তীকালীন নেতা মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে তার জন্য দোয়ার আহ্বান জানিয়েছিলেন। একই প্রতিবেদনে তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার ঘটনাও গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়।

রয়টার্স জানায়, ২০০৬ সালের পর দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকলেও এবং জেল ও গৃহবন্দিত্বের মধ্য দিয়ে গেলেও বেগম খালেদা জিয়া ও তার দল বিএনপি দেশের রাজনীতিতে শক্ত সমর্থন ধরে রেখেছে। প্রতিবেদনে বলা হয়, আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপিকে সম্ভাব্য শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে এবং তারেক রহমানকে ভবিষ্যৎ নেতৃত্বের অন্যতম মুখ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

রয়টার্স আরও উল্লেখ করে, ১৯৮১ সালে স্বামী জিয়াউর রহমান নিহত হওয়ার আগে খালেদা জিয়াকে একজন লাজুক গৃহবধূ হিসেবেই দেখা হতো। সেই ঘটনার পরই তার রাজনৈতিক জীবনের সূচনা হয় এবং তিন বছরের মাথায় তিনি বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ১৯৯১ সালের নির্বাচনে জনগণের ভোটে ক্ষমতায় এসে খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক ইতিহাসে নিজের অবস্থান প্রতিষ্ঠা করেন। তার নেতৃত্বে সংসদীয় সরকার ব্যবস্থা ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়, যা বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানও তার মৃত্যুর খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করে জানায়, তিনবারের এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন নানা জটিল রোগে ভুগছিলেন।

পাকিস্তানের গণমাধ্যম ডন, জিও নিউজসহ একাধিক সংবাদমাধ্যম জানায়, মঙ্গলবার ফজরের নামাজের পরপরই বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তারা তার আত্মার মাগফিরাত কামনা করে প্রতিবেদন প্রকাশ করে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর বিশ্লেষণে বেগম খালেদা জিয়া উঠে এসেছেন শুধু বাংলাদেশের নয়, দক্ষিণ এশিয়ার রাজনীতির এক গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী চরিত্র হিসেবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *