বাংলাদেশ ও ব্রাজিলের কূটনৈতিক সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা আগামী ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। এই সফর দুই দেশের সামাজিক, অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত বিশ্ব খাদ্য ফোরামের (WFF) অনুষ্ঠানের ফাঁকে সোমবার স্থানীয় সময় ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মুখোমুখি বৈঠকে বসেন।
বৈঠকে তারা সামাজিক ব্যবসা, সর্বজনীন স্বাস্থ্যসেবা, সামাজিক অন্তর্ভুক্তি ও দারিদ্র্য মোকাবিলার কৌশল নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।
অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৈঠকে ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। হাস্যোজ্জ্বল মুখে লুলা দা সিলভা আমন্ত্রণ গ্রহণ করে বলেন,
আমি বাংলাদেশে যাব।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যাপক ইউনূস বলেন,
দারুণ হবে।
এই সংক্ষিপ্ত সংলাপেই দুই দেশের মধ্যে নতুন কূটনৈতিক উষ্ণতার ইঙ্গিত পাওয়া যায়।
বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, এসডিজি বিষয়ক সমন্বয়ক লামিয়া মোরশেদ, এবং পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।
লুলা দা সিলভার এই সফর হলে এটি হবে ব্রাজিলের কোনো রাষ্ট্রপ্রধানের প্রথম সরকারি বাংলাদেশ সফর, যা উভয় দেশের বাণিজ্য, কৃষি ও পরিবেশগত সহযোগিতা জোরদারে বড় ভূমিকা রাখতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
