রাজধানী ঢাকায় অত্যাধুনিক ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ফ্রান্স। স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি ভিসাপ্রার্থীদের উন্নত ও দ্রুত সেবা দেওয়ার উদ্দেশ্যে রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের র্যাংগস জেড স্কয়ারে এ কেন্দ্র চালু করা হয়েছে।
বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই গত মঙ্গলবার কেন্দ্রটির উদ্বোধন করেন। বুধবার থেকে আবেদনকারীরা ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করে এ কেন্দ্রে ভিসার আবেদন জমা দিতে পারবেন।
রাষ্ট্রদূত উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশিদের ইউরোপ ভ্রমণের সুবিধা আরও বাড়বে। তিনি উল্লেখ করেন, এর ফলে দৈনিক ভিসা আবেদন গ্রহণের সংখ্যা বৃদ্ধি পাবে, অ্যাপয়েন্টমেন্ট পেতে সময় কম লাগবে, অর্থ প্রদানের বিকল্প আরও আধুনিক হবে এবং একটি বিশেষায়িত সেবার মাধ্যমে আবেদনকারীদের অভিজ্ঞতা উন্নত হবে।
ভিএফএস গ্লোবাল ২০০৪ সাল থেকে ফরাসি সরকারের সঙ্গে ভিসা প্রক্রিয়া পরিচালনা করছে। বর্তমানে প্রতিষ্ঠানটি বিশ্বের ২৯টি দেশে ফ্রান্সের জন্য ৭০টি ভিসা আবেদন কেন্দ্র পরিচালনা করছে। তারা শুধুমাত্র আবেদনপত্র সংগ্রহ, নথিপত্র যাচাই ও বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের মতো প্রশাসনিক কাজ সম্পাদন করবে। তবে ভিসা অনুমোদন বা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নেবে ঢাকার ফরাসি দূতাবাস।
নতুন ভিসা আবেদন কেন্দ্রটি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে এই ঠিকানায়: https://visa.vfsglobal.com/bgd/en/fra।
