সৌদি আরবে বসবাসরত প্রায় ৬৯ হাজার রোহিঙ্গাকে (বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক) বাংলাদেশি পাসপোর্ট প্রদানের প্রক্রিয়া দ্রুততর করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর বিন আবিয়াহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন।
বৈঠকে সৌদি আরবে বসবাসরত রোহিঙ্গাদের পাসপোর্ট প্রদানের অগ্রগতি, জনশক্তি রপ্তানি, পারস্পরিক ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি, বাংলাদেশের জাতীয় নির্বাচনের প্রস্তুতি এবং সৌদি আরবে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড ডিফেন্স শো’-তে বাংলাদেশের অংশগ্রহণসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়।
বৈঠকের শুরুতে রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও সৌদি আরব ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম দেশ। তিনি বলেন, ইসলাম ধর্মের পবিত্র ভূমি হওয়ার পাশাপাশি সৌদি আরব বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের দ্বিতীয় আবাসস্থল। বর্তমানে দেশটিতে ৩২ লাখেরও বেশি বাংলাদেশি কর্মরত রয়েছেন, যাদের অবদান বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরব থেকে আরও বেশি বাংলাদেশি জনশক্তি আমদানির অনুরোধ জানিয়ে বলেন, এর মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে।
রাষ্ট্রদূত সৌদি আরবে বসবাসরত ৬৯ হাজার রোহিঙ্গার বাংলাদেশি পাসপোর্ট প্রদানের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশন এবং দেশের বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর সমন্বিতভাবে কাজ করছে। প্রক্রিয়া ত্বরান্বিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একাধিক বিশেষ টিমও পাঠানো হয়েছে। তবে আবেদনের তুলনায় পাসপোর্ট এনরোলমেন্টে উপস্থিতির হার কম বলে জানান তিনি।
তিনি আরও বলেন, বিষয়টি ইতোমধ্যে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রীকে অবহিত করা হয়েছে।
জাতীয় নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশনের নেতৃত্বে নির্বাচন পরিচালিত হবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছে। এ লক্ষ্যে প্রথমবারের মতো আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং বাহিনী মোতায়েনসংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে। পাশাপাশি অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান জোরদার করা হয়েছে।
বৈঠকে সৌদি রাষ্ট্রদূত আগামী ৮–১৪ ফেব্রুয়ারি রিয়াদে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড ডিফেন্স শো’-তে অংশগ্রহণের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমন্ত্রণ জানান এবং সৌদি ইন্টেরিয়র মিনিস্টারের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
তবে আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণে অপারগতা প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি এ ক্ষেত্রে উপযুক্ত প্রতিনিধি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ফয়সল আহমেদ এবং রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব মু. জসীম উদ্দিন খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
