ইয়েমেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় তেলসমৃদ্ধ হাদরামাউত প্রদেশে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। স্থানীয় সময় শুক্রবার (২৬ ডিসেম্বর) এ হামলা চালানো হয় বলে একজন স্থানীয় নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা সিনহুয়াকে জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)–সংশ্লিষ্ট একাধিক সামরিক স্থাপনায় একযোগে বিমান হামলা চালানো হয়েছে। এতে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ডিসেম্বরের শুরুতে আকস্মিক সামরিক অভিযান চালিয়ে ইয়েমেনের সবচেয়ে তেলসমৃদ্ধ কয়েকটি প্রদেশ নিজেদের নিয়ন্ত্রণে নেয় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী এসটিসি। এসব অঞ্চল দখলমুক্ত করতে এর আগে প্রকাশ্যে আহ্বান জানিয়েছিল সৌদি আরব। হাদরামাউত ইয়েমেনের সবচেয়ে বড় প্রদেশ এবং এর সঙ্গে সৌদি আরবের দীর্ঘ সীমান্ত রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রদেশের বিভিন্ন এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিমান হামলার পর লক্ষ্যবস্তু এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।
এসটিসি–ঘনিষ্ঠ গণমাধ্যমগুলো দাবি করেছে, হাদরামাউতের গাইল বিন ইয়ামিন এলাকায় তাদের বাহিনীর ওপর হামলা চালানো হয়েছে। তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দেওয়া সৌদি আরব এখন পর্যন্ত এ হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
এর আগে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইয়েমেনের দক্ষিণের দুই প্রদেশে এসটিসির সাম্প্রতিক সেনা মোতায়েন অযৌক্তিক উত্তেজনা সৃষ্টি করছে এবং দেশটির স্থিতিশীলতা ফেরানোর প্রচেষ্টাকে জটিল করে তুলছে।
সূত্র: সিনহুয়া
