সিরিয়ার হোমসে মসজিদে ভয়াবহ হামলা, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

1 Min Read

সিরিয়ার মধ্যাঞ্চলীয় শহর হোমসের একটি মসজিদে ভয়াবহ হামলায় অন্তত পাঁচজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পরপরই এ হামলা ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিরিয়ান আরব নিউজ এজেন্সি (এসএএনএ) জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হোমসের ওয়াদি আল-দাহাব এলাকায় অবস্থিত ইমাম আলী ইবনে আবি তালিব মসজিদকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ফেলে এবং তদন্ত শুরু করে।

স্থানীয় কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, এটি আত্মঘাতী হামলা হতে পারে অথবা আগে থেকে পুঁতে রাখা বিস্ফোরকের মাধ্যমেও ঘটানো হয়ে থাকতে পারে। বিস্ফোরণের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

আল জাজিরার প্রতিনিধি আইমান ওঘান্না জানান, হোমস শহরে আলাউইত, খ্রিস্টান ও সুন্নি মুসলমানসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, একটি আলাউই মসজিদে হামলার ঘটনায় দেশজুড়ে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়তে পারে।

এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে সাম্প্রতিক সময়ে সিরিয়ায় আইএসআইএল (আইএস)–এর তৎপরতা বেড়েছে। আল জাজিরার তথ্যমতে, সরকারি বাহিনী সম্প্রতি আলেপ্পোর কাছে এক অভিযানে তিনজন সন্দেহভাজন আইএস সদস্যকে গ্রেপ্তার করেছে।

উল্লেখ্য, গত সপ্তাহে দুই মার্কিন সেনা ও এক বেসামরিক দোভাষী নিহতের ঘটনায় প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্র সিরিয়ায় আইএসআইএলের অবস্থানে বিমান হামলা চালিয়েছিল।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *