বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দেশটির স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যৌথ বিবৃতিতে এ সিদ্ধান্তের ঘোষণা দেন।
এই প্রত্যাহার যুক্তরাষ্ট্রের জন্য একটি ঐতিহাসিক ঘটনা। কারণ ১৯৪৮ সালে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যোগদানের পর এই প্রথমবার দেশটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য হিসেবে আর থাকল না।
এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদেই, ২০২০ সালে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। গত বছরের ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণের পরপরই তিনি যুক্তরাষ্ট্রকে ডব্লিউএইচও থেকে প্রত্যাহারের লক্ষ্যে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।
যৌথ বিবৃতিতে রুবিও ও কেনেডি কোভিড-১৯ মহামারির সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকা ও কার্যকারিতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং এটিকেই প্রত্যাহারের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন।
বিবৃতিতে আরও বলা হয়, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্পর্ক শুধুমাত্র স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত সীমিত যোগাযোগের মধ্যেই থাকবে। একই সঙ্গে সংস্থাটির জন্য যুক্তরাষ্ট্রের সব ধরনের অর্থায়ন বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানানো হয়।
চলতি মাসের শুরুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুস জানান, যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের ফলে সৃষ্ট অর্থসংকট মোকাবিলায় সংস্থাটি ব্যয় সংকোচনের পদক্ষেপ গ্রহণ করেছে।
এ বিষয়ে জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যক্রমে আর অংশগ্রহণ করছে না’, যদিও কিছু আইনি বিষয় এখনও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
তিনি আরও বলেন,
আমরা চাই যুক্তরাষ্ট্র আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যক্রমে পূর্ণাঙ্গভাবে অংশগ্রহণ করুক, যেমনটি আমরা সব সদস্য দেশের ক্ষেত্রেই প্রত্যাশা করি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা। এটি ১৯৪৮ সালের ৭ এপ্রিল প্রতিষ্ঠিত হয় এবং আন্তর্জাতিক জনস্বাস্থ্য সুরক্ষায় কাজ করে আসছে। শুরুতে ৯০টি দেশ নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে সংস্থাটির সদস্য সংখ্যা ১৯৩টি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অন্যতম প্রধান অর্থদাতা দেশ ছিল। সংস্থাটির মোট তহবিলের প্রায় ১৮ শতাংশই যুক্তরাষ্ট্র সরবরাহ করত।
