লবণ উৎপাদনের মৌসুমে কক্সবাজারের পেকুয়া উপজেলার লবণ মাঠে কর্মব্যস্ত শ্রমিকদের সঙ্গে কুশলবিনিময় ও সেলফিতে মেতে উঠলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে পেকুয়া উপজেলার মগনামা লঞ্চঘাট এলাকার লবণ মাঠে এ দৃশ্য দেখা যায়। মাঠে লবণ উৎপাদনের চিত্র দেখে হঠাৎ গাড়ি থামিয়ে শ্রমিকদের কাছে গিয়ে কথা বলেন সালাহউদ্দিন আহমদ। এ সময় তিনি শ্রমিকদের সঙ্গে খোশগল্প করেন এবং সেলফিও তোলেন।
সালাহউদ্দিন আহমদ কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দ্বিতীয় দিনের প্রচারণার শুরুতেই তিনি লবণ শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তিনি বলেন,
বিএনপির আমলে লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করা হয়েছিল। ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে আবারও লবণচাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, বর্তমানে অস্থায়ী সরকার ক্ষমতায় থাকায় আপাতত লবণ আমদানি বন্ধ রাখা হয়েছে।
নিজ প্রতীকে ভোট চেয়ে সালাহউদ্দিন আহমদ বলেন,
বিএনপি ছাড়া কেউ জনগণের কল্যাণ নিশ্চিত করতে পারে না। ক্ষমতায় গেলে বিএনপি লবণচাষিসহ সব কৃষিজীবী মানুষের স্বার্থে কাজ করবে। দেশের স্বার্থে সবাইকে ধানের শীষে ভোট দিতে হবে।
কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল্লাহ আল ফারুক এবং ইসলামী আন্দোলনের প্রার্থী ছরওয়ার আলম কুতুবী।
জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, এ আসনে মোট ভোটার ৫ লাখ ৩৩ হাজার ৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮৪ হাজার ৪৬৯ জন এবং নারী ভোটার ২ লাখ ৪৮ হাজার ৬২০ জন। এই আসনে মোট ভোটকেন্দ্র ১৭৫টি এবং মোট বুথ ১ হাজার ৬টি।
