খালেদা জিয়ার স্মরণে বিজিএমইএর শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

2 Min Read

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সের নুরুল কাদের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান।

শোকসভায় বিজিএমইএর বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, পরিচালকরা, সাধারণ সদস্য এবং পোশাক খাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক অগ্রগতিতে বেগম খালেদা জিয়ার ভূমিকা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

সভাপতির বক্তব্যে সেলিম রহমান বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক, যিনি দেশের শিল্প ও ব্যবসা-বান্ধব পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার সরকারের সময়ে পোশাক শিল্প নীতিগত সহায়তা, নগদ প্রণোদনা ও অবকাঠামোগত সুবিধা পায়, যার ফলে রফতানি আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

তিনি আরও বলেন, কোটা প্রথা বিলুপ্তির সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং জাতীয় সমন্বয়মূলক উদ্যোগের মাধ্যমে পোশাক শিল্পকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখার পথ সুগম হয়েছিল। ব্যবসা সহজীকরণ, মুক্তবাজার অর্থনীতি চালু এবং নারী শিক্ষায় উপবৃত্তি কার্যক্রম দেশের সামগ্রিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলেছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার জীবন ও কর্মের ওপর ভিত্তি করে একটি প্রামাণ্য ভিডিও প্রদর্শন করা হয়, যেখানে গণতন্ত্র পুনরুদ্ধার, নারীর ক্ষমতায়ন এবং পোশাক শিল্পের বিকাশে তার ভূমিকা তুলে ধরা হয়।

আলোচনা শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *