সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ নিয়ে আলোচনা চললেও এখন পর্যন্ত এর কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। ফলে পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম চলমান রয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে প্রাথমিক শিক্ষা অধিদফতরের পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের পরিচালক এ কে মোহাম্মদ সামছুল আহসান জানান, অভিযোগ যাচাই করে প্রশ্নফাঁসের সত্যতা পাওয়া যায়নি।
তিনি বলেন,
প্রশ্নফাঁসের কোনো প্রমাণ আমাদের হাতে আসেনি। সে কারণে ফল প্রকাশের প্রক্রিয়া অব্যাহত রাখা হয়েছে।
একই সঙ্গে তিনি জানান, প্রশ্নফাঁস, অনিয়ম ও কর্তৃপক্ষের দায়িত্বহীনতার অভিযোগ উঠলেও সেসব অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। তার মতে, এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
সামছুল আহসান আরও বলেন, নিয়োগ পরীক্ষা নিয়ে গুজব না ছড়াতে এবং বিভ্রান্ত না হতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।
এর আগে প্রশ্নফাঁস ও ডিজিটাল ডিভাইস ব্যবহার করে জালিয়াতির অভিযোগ তুলে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে একদল নিয়োগপ্রত্যাশী বিক্ষোভ ও সমাবেশ করেন। ওই দাবির প্রেক্ষিতে অভিযোগগুলো খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয় প্রাথমিক শিক্ষা অধিদফতর।
তদন্তে প্রশ্নফাঁসের প্রমাণ না পাওয়ায় আপাতত পরীক্ষা বাতিলের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
