আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার নিরাপত্তা বিভাগের পাঠানো এক চিঠিতে বাংলাদেশ দলের জন্য সম্ভাব্য ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে, যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক।
সোমবার (১২ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, চিঠিতে তিনটি বিষয়কে নিরাপত্তা ঝুঁকির কারণ হিসেবে তুলে ধরা হয়েছে। তার ভাষায়, আইসিসির নিরাপত্তা টিম মনে করছে—বাংলাদেশ দলের কয়েকটি সিদ্ধান্ত ও সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট ভারতে খেলাকে ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে।
চিঠিতে উল্লেখ করা হয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে পেসার মুস্তাফিজুর রহমানকে অন্তর্ভুক্ত না করা হলে পরিস্থিতি ‘নিয়ন্ত্রণযোগ্য’ থাকতে পারে। পাশাপাশি, বাংলাদেশের জার্সি ও জাতীয় পতাকা বহন বা প্রদর্শনের ক্ষেত্রেও দর্শকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া, জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসবে, ততই ভারতে গিয়ে বাংলাদেশ দলের খেলা নিরাপত্তা ঝুঁকি বাড়াবে—এমন আশঙ্কার কথাও বলা হয়।
আইসিসির এই অবস্থানকে ‘অবাস্তব’ ও ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে কড়া সমালোচনা করেছেন আসিফ নজরুল। তিনি বলেন,
আইসিসি যদি আশা করে আমরা আমাদের সেরা বোলারকে বাদ দিয়ে দল গড়ব, আর সমর্থকরা জার্সি পরতে পারবে না—এর চেয়ে উদ্ভট প্রত্যাশা আর হতে পারে না।
তিনি আরও মন্তব্য করেন, ভারতের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের ক্রিকেট দলকে সেখানে খেলতে পাঠানো বাস্তবসম্মত নয়। তার মতে, ‘উগ্র সাম্প্রদায়িক মনোভাব ও বাংলাদেশবিরোধী পরিবেশ’ নিরাপত্তা উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে।
এই প্রেক্ষাপটে নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অনাগ্রহ জানিয়েছে বাংলাদেশ। বিকল্প হিসেবে বাংলাদেশের ম্যাচগুলো অন্য দেশে আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে খেলোয়াড় ও সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।
