মনোনয়ন বাতিল ৩ জনের, বুলবুল-ফাহিম জিততে পারেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়

স্পোর্টস ডেস্ক

1 Min Read

বিসিবি নির্বাচনের মনোনয়ন যাচাই-বাছাইয়ের দিন ছিল আজ (২৯ সেপ্টেম্বর)। দাখিল হওয়া ৫১টি মনোনয়নের মধ্যে ৪৮টি বৈধ বিবেচিত হয়েছে, বাতিল হয়েছে ৩টি। আপিলে তারা মনোনয়ন ফিরে না পেলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেতে পারেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।

বাতিল হওয়া মনোনয়নের একটি ঢাকা বিভাগের প্রার্থী আব্দুল্লাহ ফুয়াদ রেদোয়ানের। এই বিভাগ থেকে মনোনয়ন জমা দিয়েছিলেন তিনি এবং আরও দুইজন—নাজমুল আবেদীন ফাহিম ও আমিনুল ইসলাম বুলবুল। রেদোয়ানের প্রার্থীতা বাতিল হওয়ায় বাকি থাকলেন কেবল ফাহিম ও বুলবুল। যেহেতু এই বিভাগ থেকে পরিচালক হবেন ২ জন, তাই রেদোয়ান আপিলে ফিরে না এলে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হবেন ফাহিম-বুলবুল।

বাকি দু’টি বাতিল মনোনয়ন হলো চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মোঃ শওকত হোসেন এবং রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর মোঃ হাসিবুল আলমের। তবে তাদের মনোনয়ন বাতিল হলেও চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে প্রতিদ্বন্দ্বিতা থাকছে।

নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামীকাল প্রার্থীরা মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করতে পারবেন এবং সেদিনই শুনানি হওয়ার কথা। ১ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এরপর নির্বাচন কমিশন প্রকাশ করবে চূড়ান্ত তালিকা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *