ক্রিকেটপ্রেমীদের দৃষ্টি এখন এশিয়া কাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে—ভারত ও পাকিস্তানের দ্বৈরথে। আগামী ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। কিন্তু টিকিট বিক্রয়ের চিত্র ভিন্ন।
এপ্রিলে পাহালগামে সন্ত্রাসী হামলার পর এটাই দুই দেশের প্রথম মুখোমুখি লড়াই, যার কারণে ম্যাচটিকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। ওই হামলার পর থেকে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক আরও তিক্ত হয়েছে, আর দেশজুড়ে ভারতীয় দলকে এই ম্যাচ বর্জনের আহ্বান জানানো হচ্ছিল।
তবে ম্যাচের আগে এবার দেখা দিয়েছে ব্যতিক্রমী দৃশ্য। সাধারণত ভারত–পাকিস্তান ম্যাচের টিকিট বাজারে আসার কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায়, কিন্তু এবার ম্যাচের মাত্র কয়েক দিন বাকি থাকলেও বিক্রি শেষ হয়নি টিকিট।
বিশ্লেষকরা মনে করছেন, আকাশছোঁয়া মূল্য এবং বান্ডেল প্যাকেজে টিকিট বিক্রিই এই পরিস্থিতির মূল কারণ। টিকিট কেনার জন্য সাধারণ সমর্থকদের এখন গুনতে হচ্ছে বিশাল অঙ্কের টাকা। ভিআইপি ও প্রিমিয়াম সিটের দাম লাখ ছাড়িয়েছে। উদাহরণস্বরূপ, ভিআইপি সুইটস ইস্টে দুই আসনের জন্য খরচ করতে হচ্ছে প্রায় ৩.৫ লাখ টাকা। রয়্যাল বক্সের দাম প্রায় ৩.২ লাখ এবং স্কাই বক্স ইস্টের মূল্য দাঁড়িয়েছে প্রায় ২.৩ লাখ টাকায়। এমনকি মাঝারি মানের সিট যেমন প্ল্যাটিনাম বা গ্র্যান্ড লাউঞ্জের দাম যথাক্রমে প্রায় ১ লাখ ও ৫৭ হাজার টাকা। সবচেয়ে সস্তা সাধারণ আসনও দুই জনের জন্য প্রায় ১৪ হাজার টাকার কাছাকাছি।
এই বিশাল অঙ্কের টিকিট মূল্য নিয়ে ইতিমধ্যে সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। দীর্ঘদিনের ক্রিকেটভক্তরা জানিয়েছেন, যে ম্যাচ একসময় তারা কোনোভাবেই মিস করতেন না, এবার তার নাগাল পাওয়া তাদের জন্য অসম্ভব হয়ে পড়েছে।
ভারত তাদের এশিয়া কাপ অভিযান শুরু করবে ১০ সেপ্টেম্বর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে, আর পাকিস্তান মাঠে নামবে ১২ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে। ১৪ সেপ্টেম্বরের এই মহারণ গ্রুপ টেবিলের অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন ক্রিকেটবিশ্লেষকরা।
