ডাকসু নির্বাচনে তলে তলে ছাত্রলীগের সঙ্গে আঁতাত করে ভোটে প্রভাব বিস্তার করেছে ছাত্রশিবির—এমন অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার বিকেলে চট্টগ্রামে বিএনপির ভাইস চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল মোনামের স্মরণসভায় তিনি এ অভিযোগ করেন।
মির্জা আব্বাস বলেন,
ডাকসু নির্বাচনের অভিজ্ঞতা থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত। তারা (জামায়াত-শিবির) মেনাফেকের দল। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে অংশ না নেওয়ার পরামর্শও এরা দিয়েছিল। তাদের কথায় বিএনপি নির্বাচনে গিয়েছিল, যার ফলে বহু নেতাকর্মীর জীবন দিতে হয়েছে।
তিনি দাবি করেন, জামায়াত-শিবিরের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক এখনও অটুট, আর এবারও বিদেশ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে জামায়াতকে ভোট দেওয়ার জন্য।
দেশে একমাত্র বিএনপিই দেশের সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তার প্রতীক। কিন্তু এখন বিএনপিকে ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে,বলেন তিনি।
আব্বাস আরও অভিযোগ করেন, বিএনপি ও জামায়াতকে মিশিয়ে রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে।
আমাদের ওপর সব দোষ চাপানো হচ্ছে। বিএনপির ছেলেরা কিছু না বুঝে লোভের কাছে হার মানছে। তারেক রহমান কোনো চাঁদাবাজকে প্রশ্রয় দিচ্ছেন না। বিএনপিতে চাঁদাবাজদের কোনো স্থান নেই।
সভায় উপস্থিত ছিলেন প্রয়াত নেতা আবদুল্লাহ আল মোনামের ছেলে সাইদ আল নোমান, সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, সাবেক সাংসদ গোলাম আকবর খন্দকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
